
কক্সবাজারের টেকনাফে অপহরণের তিন দিন পর মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরেছেন কৃষক মোহাম্মদ রফিক (৪৫)। পরিবারের পক্ষ থেকে মুক্তিপণ দেওয়ার পর বৃহস্পতিবার তিনি নিজ বাড়িতে ফিরে আসেন।
রফিক টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চৌকিদারপাড়া এলাকার বাসিন্দা মমতাজ আহমদের ছেলে। তিনি বাহারছড়া ইউনিয়নের উত্তর শাখা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ কায়সারের বড় ভাই।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে একদল অস্ত্রধারী ব্যক্তি বাইন্নাপাড়া সংলগ্ন চৌকিদারপাড়ায় রফিকের বাড়িতে যায়। পরে অস্ত্রের মুখে তাঁকে তুলে নিয়ে পাহাড়ের দিকে চলে যায় তারা। অপহরণের পর পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়।
পরিবারের পক্ষ থেকে মুক্তিপণ দেওয়ার পর বৃহস্পতিবার বিকেলের দিকে রফিককে ছেড়ে দেওয়া হয়। পরে তিনি নিজ বাড়িতে ফিরে আসেন। তাঁর ফিরে আসায় স্বজন ও স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরলেও এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রফিকের বাড়ি ফেরার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর খোঁজখবর নিয়েছে। বর্তমানে তিনি বাড়িতে বিশ্রামে রয়েছেন। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত করে অপহরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, অপহরণে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।